06/05/2026
ধরো তোমাকে বলা হলো এক বছরে সাতশো পঁচিশ বিলিয়ন ডলার খরচ করতে হবে। তুমি কী কিনবে? হয়তো কোন আইল্যান্ড কিনবে। বা পুরো শহর কিনবে। বা হাজার হাজার প্লেন কিনবে।
কিন্তু গুগল, মাইক্রোসফট, অ্যামাজন আর মেটা এই চার কোম্পানি মিলে ২০২৬ সালে ঠিক এই টাকা খরচ করছে। সাতশো পঁচিশ বিলিয়ন ডলার। গত বছর ছিল চারশো দশ বিলিয়ন। এক বছরে সাতাত্তর পার্সেন্ট বেড়ে গেছে।
এত টাকা দিয়ে কী কিনছে জানো? চ্যাটবট বানানোর সফটওয়্যার? না। কিনছে চিপ, মেমোরি, ডেটা সেন্টার, কুলিং সিস্টেম, বিদ্যুৎ সাপ্লাই। মানে পুরো একটা নতুন শিল্পাঞ্চল বানাচ্ছে এআইয়ের জন্য।
এখন তুমি ভাবছো এটা আমার কাছে কেন গুরুত্বপূর্ণ। আমি তো চ্যাটজিপিটি ফ্রিতে ইউজ করছি।
এখানেই মিস করছো।
একশো বছর আগে যখন বিদ্যুতের খুঁটি বসছিল, তখনও মানুষ ভাবতো এটা আমার কাজের কী। কিন্তু সেই খুঁটি বসার পরে কী হলো? ফ্যান চলল, বাল্ব জ্বলল, ফ্যাক্টরি চলল, টিভি এলো, ফ্রিজ এলো। পুরো পৃথিবী বদলে গেল।
এআই নিয়ে একই ব্যাপার হচ্ছে। তুমি একটা প্রশ্ন করলে চ্যাটজিপিটিতে। উত্তর এলো দুই সেকেন্ডে। কিন্তু এই দুই সেকেন্ডের পেছনে কী লাগলো? একটা শক্তিশালী চিপ। বিদ্যুৎ। কুলিং। মেমোরি। বিশাল ডেটা সেন্টার। এত কিছু। এবং এই খরচের চাপে মেমোরি চিপের দাম বাড়ছে। সাপ্লাই চেইনে চাপ পড়ছে। মানে এআই শুধু সফটওয়্যার না। এটা একটা পুরো ইন্ডাস্ট্রি।
এখন মজার জিনিস হলো যেমন মোবাইল ফোন আসার পর শুধু ফোন কোম্পানি বড় হয়নি। অ্যাপ, ডেলিভারি, পেমেন্ট, রাইড শেয়ারিং হাজারটা নতুন কাজ তৈরি হয়েছে। এআই নিয়েও তাই হবে।
কেউ বাংলা ভাষার মডেল বানাবে। কেউ ছোট ব্যবসার জন্য এআই টুল বানাবে। কেউ কৃষকের জন্য, ডাক্তারের জন্য, শিক্ষকের জন্য সলিউশন বানাবে। প্রতিটা জায়গায় মানুষ লাগবে। স্কিল লাগবে।
তাই বড় কোম্পানিগুলো যে সাতশো বিলিয়ন ডলার খরচ করছে সেটা রাস্তা বানানোর মতো। রাস্তা বানলে শুধু রাস্তার মালিকের লাভ হয় না। রাস্তার পাশে দোকান হয়। বাস চলে। নতুন বাজার তৈরি হয়।
প্রশ্ন হলো তুমি কি দর্শক হয়ে থাকবে নাকি এই রাস্তায় নিজের দোকান খুলবে। আগে কম্পিউটার শিখলে চাকরি হতো। পরে ইন্টারনেট বুঝলে ব্যবসা হতো। এখন এআই বুঝলে সমস্যা সমাধান করা যাবে। আর সমস্যা সমাধান করতে পারলে সুযোগ শেষ হয় না, শুরু হয়।
এই সাতশো বিলিয়ন ডলার খরচের খবরটা একটা সিগন্যাল। বড় কিছু হচ্ছে। নতুন যুগ আসছে। অবকাঠামো তৈরি হচ্ছে। এখনই সময় নিজের জায়গা বানানোর। রাস্তা তৈরি হয়ে গেলে তখন জায়গা পাওয়া কঠিন হবে।
সিদ্ধান্তটা তোমার।
©Jhankar Mahbub