25/04/2026
২০২২ সালে হঠাৎ করেই জ্বালানির দাম বাড়ানো হলো—ডিজেল ৮০ টাকা থেকে এক লাফে ১১৪ টাকা। তখন মালিক সমিতি প্রতি কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা ভাড়া বাড়িয়ে দিলো, যেটা আমরা সাধারণ মানুষ মেনে নিতে বাধ্য হলাম।
কিন্তু পরে যখন ডিজেলের দাম কমে ১০০ টাকায় নেমে এলো, তখন আর সেই ভাড়া কমানোর কোনো উদ্যোগ নেওয়া হলো না। মালিক সমিতি চুপ, আর সরকারও যেন নীরব দর্শক। ফলে আমরা যাত্রীরা বছরের পর বছর ১১৪ টাকার ডিজেলের হিসাবেই বাড়তি ভাড়া দিয়ে গেছি।
আজ আবার ডিজেলের দাম বেড়ে ১১৫ টাকা—মানে ২০২২ সালের তুলনায় মাত্র ১ টাকা বেশি। তাহলে প্রশ্ন হলো, তখন যেভাবে দ্রুত ভাড়া বাড়ানো হয়েছিল, এখন কি একইভাবে আবার ভাড়া বাড়ানো হবে? নাকি আগের মতোই শুধু বাড়ানোই নিয়ম, কমানো নয়?
এই একতরফা সিদ্ধান্তের বোঝা সবসময়ই সাধারণ মানুষের কাঁধেই পড়ে। আমাদের কষ্ট, আমাদের অতিরিক্ত খরচ—এসবের কি কোনো মূল্য নেই?