08/08/2016
ইরানের সরকারী নিউজ পোর্টালসহ ২ হাজার ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে বিটিআরসি
ইরান সরকার নিয়ন্ত্রিত অনলাইন নিউজপোর্টাল ‘পার্সটুডে’ সহ আরো ২হাজার ওয়েব সাইট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। গতকাল সরকারের এক নির্বাহী আদেশে এসব ওয়েবসাইট ও ওয়েব সাইটগুলির মূল আইপি এড্রসে ব্লক করে দেয়া হয়েছে। যার কারণে ওইসব ওয়েবসাইটসহ সাইটগুলি অন্য যেসব সাইট হোস্ট করা হয়েছিল সবগুলি সাইটই বন্ধ রয়েছে। অনুসন্ধানে জানা যায়, ওইসব হোস্টে প্রায় ২ হাজার ডোমেইন হোস্ট ছিল। বৃহস্পতিবার এগুলো বন্ধ করা হয়। বন্ধ করা তালিকার মধ্যে আমার দেশ অনলাইন ও শীর্ষ নিউজ রয়েছে।
বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, বিতর্কিত সংবাদ পরিবেশন ও জাতিকে বিভ্রান্ত করতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে উস্কানিমূলক সংবাদ পরিবেশন করায় এগুলো বন্ধ করা হয়।
‘পার্সটুডে’ একটি ইরানি নিউজ সাইট। ইরানের সম্প্রচার সংস্থা আইআরআইবি’র ওয়ার্ল্ড সার্ভিসের ৭০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতার আলোকে এটি ২০১৬ সালের জানুয়ারি মাসে মূলধারার গণমাধ্যম হিসেবে কাজ শুরু করেছে। ‘পার্সটুডে’ প্রতি মুহূর্তে বিশ্বের অন্তত ৩০টি ভাষায় চলমান ঘটনাপ্রবাহের খবর অনলাইনে তুলে ধরছে।
‘পার্সটুডে’ যেসব ভাষায় খবর ও অনুষ্ঠান প্রকাশ এবং সম্প্রচার করছে সেগুলোর মধ্যে রয়েছে বাংলা, হিন্দি, উর্দু, পশতু, আলবেনিয়, আরবি, আর্মেনিয়, চীনা, ইংরেজি, ফরাসি, জার্মান, হৌসা, হিব্রু, ইন্দোনেশিয়, ইতালিয়, জাপানি, কাজাকি, সাওয়াহেলি, পর্তুগালি, রুশ, স্প্যানিশ ও তুর্কি।
বন্ধ অন্য ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে- আরটিনিউজ২৪, হককথা, আমরা বিএনপি, রিয়েল-টাইম নিউজ, বিনেশন২৪, নেশন নিউজ বিডি, ভোরের আলাপ, বাংলাপোস্ট২৪, ডেইলি টাইমস২৪, মাইনিউজ বিডি, লাইভ খবর, রিখান, নেচারের ডাক, সিলেট ভয়েস২৪, সময় বাংলা, প্রথম-নিউজ, বাংলা লেটেস্ট নিউজ, বিডি মনিটর, বিডিআপডেট নিউজ২৪, নিউজ ডেইলি২৪বিডি, অন্যজগত২৪, দেশ-বিডি, ক্রাইমবিডিনিউজ২৪, নতুন সকাল, শীর্ষখবর, দিনকাল অনলাইন, সারাবাংলা, পার্স টুডে, উইকলি সোনারবাংলা, ২৪বাংলানিউজ ব্লগ।
সূত্রে জানা যায়, সরকার বিতর্কিত অনলাইনগুলো বন্ধ করে দেয়ার উদ্যোগ নেয়। তথ্য মন্ত্রণালয় থেকে বিটিআরসিকে এ ব্যাপারে নির্দেশনা দেয়ার পর গতকাল এই ৩৫টি অনলাইন বন্ধ করে দেয়া হয়েছে। এভাবে পর্যায়ক্রমে আরো কিছু অনলাইন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তও হয়েছে বলে জানা গেছে।