03/09/2026
“আলেমদের গ্রাফিক ডিজাইন শেখা উচিত না...”
“এত বছর কষ্ট করে হাফেজ, আলেম, মুফতি হয়ে শেষে কম্পিউটারে কাজ করবেন?”
“মানুষ কী বলবে?”
এমন কথা অনেকেই শুনেছেন।
কিন্তু একটা প্রশ্ন করি—
আলেমরা যে বই পড়ে আলেম হন, সেই বইয়ের কভার ডিজাইন কে করে?
বইয়ের লেআউট, ফরম্যাটিং, প্রিন্ট-রেডি ফাইল কে তৈরি করে?
মাদ্রাসার ফরম, পোস্টার, ব্যানার, ক্যালেন্ডার, ইসলামিক সোশ্যাল মিডিয়া পোস্ট, দাওয়াহর ভিডিও, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ— এগুলো কারা বানায়?
আজ ইসলামিক দাওয়াহ যত দূর অনলাইনে পৌঁছেছে, তার পেছনে শুধু বক্তারা নন; অসংখ্য দক্ষ ডিজাইনার, ভিডিও এডিটর, ডেভেলপার এবং অন্যান্য পেশাজীবীরও অবদান রয়েছে।
আরেকটি বিষয়—
কম্পিউটার হারাম নয়; এর ব্যবহার ভালো বা খারাপ হতে পারে।
যেমন একটি ছুরি দিয়ে ফলও কাটা যায়, আবার ক্ষতিও করা যায়। তাই বলে ছুরি হারাম হয়ে যায় না।
গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, প্রোগ্রামিং— এগুলোও একেকটি টুল।
আপনি যদি ইসলামিক বইকে আরও সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করেন, দাওয়াহর ভিডিও তৈরি করেন, মুসলিমদের উপকারে আসে এমন অ্যাপ বানান, হালাল ব্যবসাকে ব্র্যান্ডিংয়ে সাহায্য করেন বা মানুষের সমস্যা সমাধান করেন— তাহলে সেটাও তো এক ধরনের খেদমত।
সমস্যা হলো, আমরা অনেক সময় নতুন কিছু বুঝার আগেই সেটাকে দূরে ঠেলে দেই।
ফলাফল?
বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টর অন্যরা দখল করে নেয়, আর আমরা শুধু আফসোস করি— “উম্মাহ পিছিয়ে যাচ্ছে।”
উম্মাহ এগোবে কীভাবে, যদি প্রতিটি সেক্টরে দক্ষ মুসলিম না থাকে?
আমাদের দরকার—
• ভালো আলেম
• ভালো শিক্ষক
• ভালো ডিজাইনার
• ভালো ভিডিও এডিটর
• ভালো প্রোগ্রামার
• ভালো উদ্যোক্তা
• ভালো ব্যবসায়ী
সকল সেক্টরে দক্ষ এবং ভালো মুসলমান প্রয়োজন যারা দ্বীন বুঝে এবং আমল করে।
যারা মানুষের উপকার করবে, হালালভাবে উপার্জন করবে এবং সমাজকে শক্তিশালী করবে।
মসজিদে ইমামতি সম্মানের কাজ।
মাদ্রাসায় পড়ানোও সম্মানের কাজ।
তেমনি অন্যান্য হালাল পেশাও সম্মানের।
নবী ﷺ ব্যবসার সাথে যুক্ত ছিলেন। হাদিসে এসেছে, সৎ ব্যবসায়ীরা নবী, সিদ্দীক ও শহীদদের সঙ্গ লাভ করবে।
তাহলে হালাল ব্যবসা, উদ্যোক্তা হওয়া বা মানুষের জন্য উপকারী কিছু তৈরি করা কেন ছোট হবে?
মনে রাখুন—
উম্মাহর শক্তি শুধু মিম্বরে নয়,
প্রযুক্তিতেও।
মিডিয়াতেও।
ব্যবসাতেও।
ডিজাইনেও।
এবং প্রতিটি হালাল দক্ষতাতেও।
তাই কেউ যদি আলেম হয়েও গ্রাফিক ডিজাইন শেখে, ভিডিও এডিটিং শেখে, প্রোগ্রামিং শেখে বা উদ্যোক্তা হতে চায়— তাকে নিরুৎসাহিত নয়, বরং উৎসাহ দিন।
হয়তো তার হাত ধরেই এমন কিছু তৈরি হবে, যা হাজারো মানুষের উপকারে আসবে।
আর যারা কোনো একটি দক্ষতা অর্জন করে হালালভাবে উপার্জন করছেন, তারা গর্বের সাথে বলতে পারেন—
“আমিও খেদমত করি।” ❤️