29/03/2025
বাবা বয়স্ক হয়েছেন। বাথরুমে যেতে প্রায়ই একটা সুন্দর রঙ করা দেওয়ালে হাত দিয়ে ফেলেন। ওটা ধরে হাঁটেন বলে হাতের ছাপ পড়ে যায়। হাত ময়লা থাকলে বা তেল থাকলে তো কথাই নেই।
আমার স্ত্রীর এটা অপছন্দ। সত্যি কথা বলতে কি, আমারও। অনেক বলেছি, কিন্তু উনি মনে রাখতে পারেননা বা দেওয়ালটা না ধরে পারেন না। অল্পবয়সে পরিচ্ছন্ন মানুষই ছিলেন।
একদিন মাথা ধরেছিল বলে নিজে নিজেই কপালে তেল মালিশ করেছিলেন। সেদিন ছাপটা বেশী পড়ে গেল। স্ত্রী আমার ওপর চেঁচামেচি করলেন। আমিও কড়াভাবে বাবাকে বলে দিলাম ঐ দেওয়ালে হাত না ছোঁয়াতে। তাঁকে লজ্জিত ও বিমর্ষ লাগলো। দেখে আমার মায়া হল, তবে মুখে কিছু বললাম না।
বাবা ঐ দেওয়াল ধরা বন্ধ করলেন; একদিন পড়ে গেলেন। আর বিছানা থেকে উঠলেন না। কিছুদিন পরে গত হলেন।
রঙের মিস্ত্রি ডেকে বাড়ী রঙ করাতে গেলে আমার ছেলে দাদুর হাতের ছাপ লাগা অংশটা মুছতে বাধা দিল। সে তাঁকে খুব ভালোবাসত। মিস্ত্রি তার কাজে বেশ দক্ষ ও উদ্ভাবনী প্রতিভার ছিল। সে ঐ ছাপগুলো বাঁচিয়ে রেখে অপূর্ব একটা বৃত্ত এঁকে দিল। একটা ডিজাইনও করে দিল।
এরপর যত মানুষ আমাদের বাড়ী আসত, ঐ জায়গার শিল্পকর্ম দেখে খুব প্রশংসা করত।
কালের যাত্রায় আমিও একদিন বৃদ্ধ হলাম। হাঁটবার সময় একদিন আমারও দেওয়াল ধরার প্রয়োজন হল, কিন্তু বাবার সঙ্গে ব্যবহার মনে পড়ে যাওয়ায় নিজেকে সংবরণ করলাম। ছেলে ব্যাপারটা দেখে আমায় বারবার বলল দেওয়ালের সাপোর্ট নিতে--যাতে পড়ে গিয়ে কোনো বিপদ না ঘটাই। উপলব্ধি করলাম, ছেলে আমার পাশে আছে।
নাতনী ছুটে এসে ওর কাঁধে ভর দিতে বলায় আমার চোখে জল এসে গেল। আমি যদি এটা করতাম তাহলে বাবা হয়ত আর কিছুদিন বাঁচতেন।
নাতনী যত্ন করে সোফায় বসিয়ে ওর ড্রয়িং খাতা দেখাল যেখানে আমার বাবার হাতের ছাপের ঐ দেওয়ালটার স্কেচ এঁকে ও উচ্চ প্রশংসা পেয়েছে। মন্তব্য ছিল : *আমরা আশা করি প্রত্যেক বাচ্চা বড়দের এইরকম শ্রদ্ধা করবে।"
আমি স্তম্ভিত, বিস্মিত হয়ে গেলাম ........
এক অজানা অপরাধবোধে নিজেকে অপরাধী মনে হল।
একদিন আমরা সবাই বয়স্ক হব। এই বাচ্চাদের মত আমরাও যদি ওই দিনগুলোয় বড়দের যত্ন নিতাম তাহলে পৃথিবীটা কত সুন্দর হত।.......................................
(মার্ক টোয়েনের ইংরাজি লেখার বঙ্গানুবাদ )