15/01/2026
শাঙ্খিকের নতুন বই ।। শিল্পচর্চার বই.....................................................................
ছবি ভাব ও আবেগের পরিসর হতে সৃষ্টি হয়, না ভাবাবেগের নির্দিষ্ট অন্তঃকরণ থাকে!
চোখ যা দেখে তা যদি সুন্দর হয় তবে সেটা মনকে ছোঁয়। এইভাবে চিত্রকল্পের গ্রাহ্যতা এক 'অবলোকন' রচনায় নিবিষ্ট হয়। শিল্পীর অন্তর্দৃষ্টি যেমন এখানে গুরুত্বপূর্ণ তেমনি দর্শকের চোখও জরুরী বিষয়। 'অবলোকন' এক দৃশ্যময়তার কথা বলে। সনাক্ত করে মায়াভাবনাকে আবার দৃশ্যহীনতাকেও। 'অবলোকন' অতএব দৃশ্য, দৃশ্যকল্প, কল্পচিত্র, চিত্রকল্প এই সকল কিছুকে ছুঁয়ে দেখার চেষ্টা। লেখিকা ছোটবেলা থেকে ছবি আঁকার সঙ্গে যুক্ত। ছবি আঁকার পাশাপাশি শিল্প ইতিহাস চর্যা একদিকে যেমন শিল্পীর অন্তস্থলকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, তেমনি গুরুত্ব দেওয়া হয়েছে দর্শক মনের। আবার শিল্প ইতিহাসের নানান দিকগুলি উঠে এসেছে অনায়াসে। মন ও মননের সরলীকৃত উপলব্ধি সব সময় শিল্পচর্চাকে সমৃদ্ধ করে। এই ভাবনার এক যোগসূত্র রক্ষা পেয়েছে সমস্ত রচনাগুলির মধ্য দিয়ে। ভারতীয় ছবিতে আর্ট ফর আর্ট সেককে অতিক্রান্ত মাত্রায় ধরতে লেখাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। ছবির খুঁটিনাটি নয় ছবির আত্মস্থ দ্যুতিময় সত্ত্বার উন্মেষ দর্শকের রসোগ্রাহী মনকে করবে রূপকল্পময়তার সঙ্গে সম্পর্কিত। তাই 'অবলোকন' প্রকাশময়তাকে তুলে ধরতে চেয়েছে। প্রকাশের বিন্যাসকে উদযাপন করতে চেয়েছে। শিল্প, শিল্পী ও দর্শকের মধ্যে রস আস্বাদনের এক মাধ্যম হয়ে উঠবে এটাই শিল্পতত্ত্বের অন্যতম পাওয়া। এ ভাবনার আলোকে ভারতীয় ছবির ঐতিহ্য ও প্রবাহ নিয়ে শাঙ্খিকের ভাস্বর প্রকাশ 'অবলোকন'।.................................................................
অবলোকন
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়
প্রকাশক: শাঙ্খিক
মুদ্রিত মূল্য: ₹৩০০.০০