03/08/2024
চলমান আন্দোলন নিয়ে বাংলাদেশের মুক্তপেশাজীবি এবং আইটি প্রফেশনালদের অবস্থান!
আমরা বাংলাদেশের মুক্তপেশাজীবিরা বরাবরই এই দেশের তরুণ সমাজকে সাথে নিয়ে চলেছি এবং এখনও চলছি। আমরা বিশ্বাস করি, ছাত্ররা আমাদেরই সমাজের অংশ, এরা আমাদেরই ভাই, বন্ধু, সহোদর। এরই ধারাবাহিকতায় দেশের তরুণ ছাত্রসমাজের জনসমাবেশ থেকে উঠে আসা এক দফা দাবীর সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি।
এর অংশ হিসেবে আমরা সুস্পষ্টভাবে বলতে চাইঃ
জুলুম-নিপীড়ন, অত্যাচার, হত্যা-গুম, দূর্নীতি, বৈষম্য ও ধ্বংসাত্মক কার্যক্রমের সাথে যুক্ত সরকারের বিরুদ্ধে আমাদের সবার দাবী একটাই। এই সরকার এবং তাঁদের সহযোগীদের পদত্যাগ। এর ব্যত্যয় ঘটিয়ে যদি ইন্টারনেট বন্ধ করা হয়, তবে আমরা বিটিআরসি অফিস ঘেরাও করার হুশিয়ারি দিচ্ছি।
এই দাবীর সমর্থনে আমরা অনির্দিষ্টকালের জন্য বৈদেশিক মুদ্রা আনয়ণসহ মুক্তপেশার সাথে সম্পর্কিত সকল কর্মকান্ড থেকে অনির্দিষ্টকালের জন্য স্বেচ্ছায় অব্যাহতি ঘোষণা করছি। ছাত্রসমাজের দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের কীবোর্ড চলবে না।
রক্ত যখন রুখবে না, আমার রেমিটেন্স ঢুকবে না।
উল্লেখ্য:- আমরা যারা অনলাইন ভিত্তিক কাজ করি এবং বৈধ পন্থায় দেশে বিপুল পরিমাণ রেমিটেন্স আনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকি তাদের প্রতিনিধিত্বকারী স্বীকৃত কোন সংগঠন নেই বাংলাদেশে। সেক্ষেত্রে আমাদের কিংবা কমিউনিটি বেইজড কোন কিছুর নাম ব্যবহার করে কোন ব্যক্তি বা ভূইফোড় গোষ্ঠী যদি কোন অযৌক্তিক এবং নিজেদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে নিয়ে বক্তব্য প্রদান করে থাকে তবে তাদেরকে সকল পর্যায়ে বয়কটের বিনীত অনুরোধ রইলো।