10/04/2020
একবার এক সন্ন্যাসী নৌকা ডুবে মারা গেলেন। মৃত্যুর পর যম যখন তাকে নিতে আসলেন তখন তিনি এক বিশাল অভিযোগের পাহাড় ছুঁড়ে দিলেন ঈশ্বরের বিরুদ্ধে। ঈশ্বর দেখলেন তার প্রিয় এক সৃষ্টি তাকে তার মৃত্যুর কারন হিসাবে অভিযুক্ত করছেন।
তাই স্বয়ং ঈশ্বর গেলেন তার অভিযোগ শুনতে। সন্ন্যাসী অনেকটা রাগান্বিত হয়ে ঈশ্বরকে বললেন -' আমার সারাটা জীবন আপনাকে উতসর্গ করেছি, জীবনে কোন পাপ কার্য করি নাই, আপনার প্রতিটি আদেশ মেনে চলেছি তাহলে কেন আজ আমার বিপদে আপনি এগিয়ে আসলেন না, কেন আমাকে নৌকা ডুবে মরতে হলো?'
ঈশ্বর তখন সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন- ' তুমি কি সাঁতার জানো না?'
সন্ন্যাসী বললেন - ' কেন জানব না প্রভু, জানি। কিন্তু আপনি তো আমাকে রক্ষা করতে পারতেন।'
ঈশ্বর আবার বললেন - তুমি ব্যাতিত ঐ নৌকাতে কেউ মারা গিয়েছে?
সন্ন্যাসীর উত্তর - না, তবে আমি তাদের মাঝে সবচেয়ে বড় সন্ন্যাসী ছিলাম। তারাও তো আমাকে উপকার করে নাই।
ঈশ্বর আবার জিজ্ঞাসা করলেন- তবে তারা কিভাবে বেঁচেছিলেন?
সন্ন্যাসীর উত্তর - আমাদের পাশেই একটা নৌকা যাচ্ছিল, সবাই সেখানে সাঁতরে উঠেছিল। কিন্তু আমি তো আপনার সহযোগিতার অপেক্ষায় ছিলাম, আমার বিশ্বাস ছিল আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচাবেন।
ঈশ্বর বললেন - তুমি জ্ঞানী মানুষ, সাঁতার জানো, তোমার বেঁচে থাকার জন্য পাশে একটা নৌকাও ছিল। এরপরও তুমি আমাকে অভিযোগ করছ যে আমি তোমাকে সহযোগিতা করি নাই?
সন্ন্যাসী এবার নিজের ভুল বুঝতে পারলেন এবং ঈশ্বরের কাছে ক্ষমা চাইলেন।
আমরাও মুর্খ না, আমরাও জানি কিভাবে এই করোনার থেকে বাঁচতে হয়। আমাদের বাচার উপায় বারবার জানিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে, মুক্তির উপায়ও দেখানো হচ্ছে। এরপরও যদি আমরা প্রভুর উপর অতিরিক্ত বিশ্বাস রেখে সেসব পালন না করে বলি - 'আমি তো ভাল মানুষ, ঈশ্বর আমাকে নিশ্চয় বাঁচাবেন। ' তবে আপনি ভুল জানেন। ঈশ্বর অবশ্যই আমাদের পাশে আছেন, থাকবেন কিন্তু আপনার ভুলের দ্বায়িতটাও শুধুমাত্র আপনাকেই নিতে হবে।