29/05/2022
ওয়াই-ফাই রাউটারে ইন্টারনেট গতি নির্ভর করে অনেক কিছুর ওপরে।
আমরা বলছি না রাউটারের অবস্থান ইন্টারনেটের গতির একমাত্র নির্ণায়ক।
তবে গুরুত্বপূর্ণ তো বটেই। বিশেষ করে বড় বাড়ির ক্ষেত্রে।
আজ চলুন সেই অবস্থান নিয়ে আমরা আলোচনা করি।
রাজধানীর বেশির ভাগ অ্যাপার্টমেন্টের আকার ছোট, হাজার দেড়েক বর্গফুটের বেশ কম।
এই অ্যাপার্টমেন্টগুলোতে একটি ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্টই যথেষ্ট।
মানে শুধু রাউটার হলেই হবে।
তবে সেটা যদি অনেক পুরোনো মডেলের হয়, তবে হালনাগাদ করে নেওয়াই বরং ভালো।
সে ক্ষেত্রে ৮০২.১১এসি এবং ডুয়েল ব্যান্ড সমর্থিত কি না দেখে নিতে পারেন।
এতে কভারেজ নিয়ে তুলনামূলক কম ঝামেলায় পড়তে হবে।
তবে বাড়ি বড় হলে কিংবা এক রাউটারে একাধিক তলায় ইন্টারনেট সংযোগ দিতে চাইলে ‘মেশ নেটওয়ার্ক’ তৈরি করতে হবে।
অর্থাৎ রাউটার এক জায়গায় রেখে ওয়াইফাই এক্সটেন্ডার দিয়ে বাড়ির সব জায়গায় সংযোগ ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
বাড়ির কোনো কোনায় যদি সিগন্যাল না পৌঁছে, তবে সেখানে নতুন একটি এক্সটেন্ডার লাগিয়ে নিলেই হলো।
তবু মূল রাউটার কোথায় রাখবেন, সেটা বেশ গুরুত্বপূর্ণ।
রাউটার সব দিকেই সিগন্যাল পাঠিয়ে থাকে।
আপনি যদি দক্ষিণ দিকের ঘরটার এক কোনায় রাখেন, তবে ওয়্যারলেস কভারেজের প্রায় অর্ধেকটা বাড়ির বাইরেই থেকে গেল।
অবশ্য পথচারীদের সেবায় ইন্টারনেট বিতরণ কর্মসূচি হাতে নিলে ভিন্ন কথা।
আর যদি পুরো বাড়িতে সমান হারে কভারেজ চান, তাহলে মাঝামাঝি কোথাও রাখলেই বরং ভালো।
তবে নির্দিষ্ট কোনো ঘরে প্রয়োজন হলে রাখুন।
আর সে কাজটি ইন্টারনেটের সংযোগ নেওয়ার সময়েই করা ভালো।
কারণ, পর্যাপ্ত লম্বা তার থাকতে হবে, যেখানে রাউটার রাখবেন সেটির আশপাশে পাওয়ার আউটলেটও থাকতে হবে।
নতুন রাউটারগুলো আধুনিক প্রযুক্তির।
তবু যত বেশি দেয়াল কিংবা বড় ও পুরু বাধা পেরিয়ে যাবে, সিগন্যাল তত দুর্বল হওয়ার আশঙ্কা থাকে।
তা ছাড়া, কাছাকাছি অন্য ইলেকট্রনিক যন্ত্রপাতি থাকলে তাতেও সিগন্যাল বাধা পেতে পারে।
বিশেষ করে একই তরঙ্গের হওয়ায় মাইক্রোওয়েভ ওভেনের কাছাকাছি রাখবেন না।