16/08/2023
বিশ্বের শীর্ষ তিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল, মাইক্রোসফট ও গুগল সফটওয়্যার ও হার্ডওয়্যারের প্রশ্নে একে-অপরের অন্যতম প্রতিদ্বন্দ্বী। এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতাও রয়েছে ব্যাপক। তবে ইন্টারনেট ব্রাউজিং সেবা আরও উন্নত করতে একত্রে কাজ করবে বলে জানিয়েছে তারা।
গুগল ক্রোম, অ্যাপল সাফারি, মাইক্রোসফট এজ এবং মোজিলা ফায়ারফক্সে যেসব টিম কাজ করছে, তারা তাদের ব্রাউজার এক্সটেনশনের উন্নয়নে একত্রে কাজ করবে। এক্সটেনশন মূলত ব্রাউজারের এড-অনস। এগুলো ডাউনলোডের মাধ্যমে সামগ্রিকভাবে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা পরিবর্তন করা যায়।
এ তিনটি প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামে একত্রে আসার ব্যাপারে ঘোষণা দিয়েছে। তারা সম্মিলিতভাবে অনলাইনে ওয়েব এক্সটেনশনস নামের একটি কমিউনিটি গ্রুপ খুলেছে, যেখানে ইঞ্জিনিয়াররা আরও বেশি কার্যকর ও নিরাপদ এক্সটেনশন তৈরিতে কাজ করতে পারবেন।
কমিউনিটি গ্রুপের এক বার্তায় বলা হয়, কয়েক বছর ধরে বিভিন্ন ব্রাউজার উন্নতমানের এক্সটেনশন তৈরির জন্য কাজ করে যাচ্ছে। আরও উন্নতমানের ব্রাউজার এক্সটেনশন ক্ষেত্র তৈরিতে এসব প্রতিষ্ঠান ও তাদের সহযোগীরা কীভাবে কাজ করবে, সেটি দেখার জন্য ওয়েব এক্সটেনশন কমিউনিটি গ্রুপ উদগ্রীব।
বর্তমানে যেসব ব্রাউজার রয়েছে, সেসব ব্রাউজারের নিজস্ব এক্সটেনশন সাইট রয়েছে। যেখান থেকে ব্যবহারকারীরা পছন্দ অনুযায়ী এক্সটেনশন ডাউনলোড করতে পারেন। তবে এ চুক্তির ফলে কারো ব্যক্তিগত কার্যক্রমে বাধার সৃষ্টি হবে না বলে জানা গেছে। সব ব্রাউজার তাদের নিজস্ব নীতিমালা অনুসরণ করে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।
তিনটি প্রতিষ্ঠানের একত্রে কাজ করার পেছনে প্রযুক্তি সংশ্লিষ্টরা কিছু কারণ খুঁজে পেয়েছেন। প্রথমত, ডেভেলপাররা যেন সহজে এক্সটেনশন তৈরি করতে পারেন। এসব এক্সটেনশনের কার্যাবলি, এপিআইস এবং অনুমতি গ্রহণের বিষয় একই রকম থাকবে। এছাড়া এসব প্রতিষ্ঠান এক্সটেনশনের জন্য আলাদা ডিজাইন তৈরি করবে। যেটি ওই এক্সটেনশনকে আরও নিরাপদ করবে এবং এর অপব্যবহার রোধ করবে।