09/02/2022
শপিংমলগুলোর বাহারি আলোকসজ্জায় চোখ ধাঁধিয়ে যায় আজকাল। কখনও এমন হয় যে, দোকানে একটা জামা খুব পছন্দ করে কেনার পরেও বাড়িতে এসে আর ভালো লাগেনা। উদ্দেশ্য প্রণোদিত হয়ে লাইটিং এর মাধ্যমে কাপড়কে অন্যভাবে উপস্থাপন করাকে কিন্তু এক ধরণের প্রতারণা বলা যায়।
ইমাম আযম আবু হানিফা (রহ.) -এরও ছিলো কাপড়ের দোকান। প্রচন্ড তাক্বওয়া আর দক্ষতার সাথে ব্যবসা প্রসারিত করার পাশাপাশি কাপড় তৈরির কারখানাও স্থাপন করেছিলেন তিনি। তাঁর সততার পরিচয় পেয়ে চারদিক থেকে লোকেরা তাঁর দোকানে ভিড় জমাতো। এমন জমজমাট ব্যবসায় দোকান খোলা রাখলেই লাভ। উমর ইবনে হাম্মাদ বলেন- ‘আমর ইবনে হুরাইসের বাড়িতে আবু হানিফার দোকানটা প্রসিদ্ধ ছিলো।’
তবে সাধারণ দিনগুলোতে যুহরের সময় দোকান খোলা রাখলেও, এক মেঘলা দিনে যুহরের সময় দোকান বন্ধ করে দিলেন তিনি। কেউ একজন এর কারণ জানতে চাইলে তিনি জানান, মেঘলা দিনে তাঁর দোকানে কাপড়ের প্রকৃত চেহারা বুঝতে ক্রেতার সমস্যা হতে পারে, যার কারণে ক্রেতার প্রতারিত হবার সম্ভাবন থেকে যায়। আর সে কারণেই তিনি দোকান বন্ধ করে দিচ্ছিলেন!
আপাত দৃষ্টিতে হয়তো ওপরের ঘটনায় কোনো সমস্যাই মনে হবেনা। প্রকৃতির ব্যাপার, এখানে তো বিক্রেতার কিছুই করার নেই। যেখানে ক্রেতার সতর্ক থাকার কথা, সেখানে ইমাম আবু হানিফার নীতি খেয়াল করুন। এটাই তাক্বওয়া...
কারণ, রাসূল (ﷺ) বলেন, ‘যে ধোঁকা দেয় ও প্রতারণা করে, সে আমার দলভুক্ত নয়।’ (বুখারি, মুসলিম)